কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ এলাকায় অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি ছয়টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল এবং তা তিন টুকরো করা ছিল। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, উদ্ধার হওয়া খণ্ডিত দেহাংশ একজন পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখেছে, যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

