চেন্নাই সুপার কিংসের খারাপ শুরুর মাঝেই স্বস্তির খবর দিলেন তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস। চোট কাটিয়ে তিনি কবে মাঠে ফিরবেন, তা নিজেই জানিয়ে দিয়েছেন।
আসন্ন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেই দলে ফিরতে পারেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ব্রেভিস জানান, ১১ তারিখে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে আছেন। এতে পরিষ্কার, ওই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাকে।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচেই হেরেছে চেন্নাই। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর দল ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ছন্দ হারিয়েছে। এই অবস্থায় ব্রেভিসের প্রত্যাবর্তন দলকে বড় ভরসা দিতে পারে।
চোটের কারণে শুরুতে খেলতে না পারলেও এখন তিনি নেটে অনুশীলন শুরু করেছেন। মিডল অর্ডারে তার উপস্থিতি দলকে ভারসাম্য দিতে পারে, যেখানে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তিনি ১২ ইনিংসে ৩৭০ রান করেন, এর মধ্যে রয়েছে একটি শতরান।

