হরমুজ প্রণালীতে ইরানের সাথে জোট বেঁধে টোল আদায় করতে চান ট্রাম্প!

0
হরমুজ প্রণালীতে ইরানের সাথে জোট বেঁধে টোল আদায় করতে চান ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চিতে তেহরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি পরিচালনার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। বুধবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে অন্য পক্ষগুলোর হাত থেকে সমুদ্রপথটিকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। 

ইরানের পক্ষ থেকে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। 

গত মার্চ মাসের শেষে ইরানের একজন সংসদ সদস্য জানিয়েছিলেন, তেহরান ইতোমধ্যেই সার্বভৌমত্বের নতুন অংশ হিসেবে সেখান থেকে প্রায় ২০ লাখ ডলার ট্রানজিট ফি সংগ্রহ করছে।

তবে এই সম্ভাব্য সহযোগিতার মাঝেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে যেকোনো চুক্তি কার্যকর রাখতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে না। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী শুক্রবারের মধ্যেই শান্তি আলোচনা শুরু হবে এবং তা দ্রুত গতিতে এগিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়ায় এবং যোগাযোগের ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি নিশ্চিত করেন। বেইজিংও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে যে তারা শুরু থেকেই রাজনৈতিক সমাধানের পক্ষে প্রচেষ্টা চালিয়ে আসছিল।

লেবানন এই চুক্তির আওতায় পড়বে কি না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প পিবিএস-কে জানিয়েছেন, হিজবুল্লাহর কারণে দেশটিকে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা হয়নি। লেবাননে ইসরায়েলি হামলাকে তিনি একটি আলাদা সংঘাত হিসেবে অভিহিত করেন।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here