কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাওলা সরকার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার ওই গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য আব্দুর রহিম সরকার ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেচস্কিম সংক্রান্ত বিরোধ সেই দ্বদ্বকে আরও তীব্র করে তোলে। আব্দুর রহিম সরকারের পক্ষে ছিলেন মাওলা সরকার।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাওলা সরকারকে লক্ষ্য করে আগে থেকেই ঝোপে লুকিয়ে থাকা ৮-১০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। তাকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

