সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ

0
সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, অভিযোগ অনুযায়ী, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে বলে তিনি জানান।

বুধবার জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে এক ব্রিফিংয়ে চিফ হুইপ সাংবাদিকদের এসব কথা বলেন।

সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আমাদের রাজনৈতিক দর্শন, প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করবো।’ তারেক রহমান মনে করেন তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী। যারা তাঁকে ভোট দিয়েছে এবং ভোট দেয়নি, উনি সবারই প্রধানমন্ত্রী। আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে, দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পাবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পূরণ সাপেক্ষে, সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতার ভিত্তিতে এবং গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here