২০২৬ আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল। তবে চতুর্থ ম্যাচের আগে কলকাতার জন্য এসেছে বড় সুখবর, দলের সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন এবার বল হাতে নামার পথে।
অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে ২৫.২০ কোটি টাকায় দলে নেওয়া হলেও মৌসুমের শুরুতে কোমরের চোটের কারণে তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলেছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ৩০ মার্চ জানিয়েছিল, ধীরে ধীরে বোলিংয়ের চাপ বাড়ানো হচ্ছে এবং ১০-১২ দিনের মধ্যেই তিনি বোলিংয়ে ফিরতে পারেন। এখন সেই সময়সীমা পেরিয়ে, কলকাতা মনে করছে গ্রিন প্রস্তুত এবং ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচে তিনি বল হাতে নামবেন।
প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে গ্রিন বড় ইনিংস গড়তে পারেননি। তিন ইনিংসে তার রান যথাক্রমে ১৮, ২ এবং ৪, এবং একবার রান আউটও হয়েছেন। তার বোলিং না থাকার কারণে দলের ভারসাম্যও কিছুটা ভেঙেছে। এই অবস্থায় তার বল হাতে প্রত্যাবর্তন কলকাতার জন্য আশা জাগাচ্ছে।

