বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভিন খান বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জেরিন নিজেই সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জেরিন খানের টিমের তরফে জানানো হয়েছে, ‘জেরিন খান ও সানা খানের মা, আমাদের প্রিয় পারভিন খান ৮ এপ্রিল প্রয়াত হয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন সবাই।’
৮ এপ্রিল সকাল ১০টায় মুম্বইয়ের ভার্সোভায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জেরিন সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মায়ের স্বাস্থ্যের আপডেট শেয়ার করতেন এবং ভক্তদের প্রার্থনা করার জন্য অনুরোধ করতেন। মায়ের দেখাশোনার জন্য জেরিন দীর্ঘদিন কাজ থেকে বিরত ছিলেন।
জেরিনের মা গত কয়েক বছরে বহুবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৬ সালে হার্ট সার্জারি ও ২০২৫ সালের অক্টোবরেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময়ও জেরিন শুটিং থেকে বিরতি নিয়ে মায়ের যত্ন নিয়েছিলেন।
ছোটবেলায় বাবা বাড়ি ছেড়ে যাওয়ার পর পরিবারের দেখাশোনা জেরিনের কাঁধে চলে আসে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটা সন্ধ্যা আমাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। আমাদের কাছে কোনও টাকা ছিল না। মা কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি বলেছিলাম, আমি সব কিছুর খেয়াল রাখব। এরপর কল সেন্টারে কাজ শুরু করি। তখন আমার বোন পড়াশোনা করছিল, আর আমি সদ্য ক্লাস টুয়েলভ পাশ করেছি। তখন থেকেই জীবন অন্য দিকে মোড় নেয়।’

