জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু

0
জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd)-এর দ্বিতীয় সংস্করণ (ফ্রেমওয়ার্ক ২.০) চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে।

এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে।

এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক বলেন, নতুন সংস্করণটির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার এবং প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক সনদও প্রদান করেছে।

তিনি আরও জানান, জাতীয় তথ্য বাতায়নের এই সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের তথ্যপ্রাপ্তি সহজ করবে।

এটুআইয়ের জ্যেষ্ঠ পরামর্শক (উপসচিব) ফজলুল জাহিদ বলেন, এখন নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার তথ্য, আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও দপ্তরের ঠিকানা জানতে পারছেন। পাশাপাশি টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি, সিটিজেন চার্টারসহ নানা তথ্যও পাওয়া যাচ্ছে।

প্রযুক্তিগতভাবে নতুন সংস্করণে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো যুক্ত করা হয়েছে। এতে প্ল্যাটফর্মটি আরও দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। এছাড়া সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও এসএসএল এনক্রিপশনসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থাও সংযোজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here