লালমনিরহাটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার আদিতমারী থানার একটি প্রতারণা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম (১৯) গত বছরের ১৬ নভেম্বর আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা প্রতারকরা মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তি সৃষ্টি করে তার কাছ থেকে ওটিপি কোড সংগ্রহ করে। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩২ হাজার ৭০০ টাকা এবং নগদ অ্যাকাউন্ট থেকে ৫২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
এছাড়া, প্রতারকরা ভুক্তভোগীর অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে পুনরায় ২৩ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে না বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনায় আদিতমারী থানায় মামলা রুজু করা হয়। পরবর্তী সময়ে পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্ত যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের কাছে।
ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ৬ এপ্রিল সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন এলাকা থেকে প্রথমে মো. রুবেল বিশ্বাসকে (২৮) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ইউসুফ মোল্লা (৫০) ও টিটু মোল্লাকে (৩০) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

