মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন বার্নার্দো সিলভা

0
মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন বার্নার্দো সিলভা

ম্যানসিটির সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন বার্নার্দো সিলভা। চলমান মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

২০১৭ সালে প্রায় ৫ কোটি ৭৩ লাখ পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে মোনাকো ছেড়ে সিটিতে যোগ দিয়েছিলেন বার্নার্দো। সেই থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৫০টি ম্যাচ খেলেছেন। গার্দিওলার অধীনে সিটির মাঝমাঠের অন্যতম ভরসার নাম ছিলেন তিনি। সিটির হয়ে নয় বছরের দীর্ঘ অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডার। 

গত মাসে ইএফএল কাপ জেতার পর এবারের মৌসুমের শেষ পর্যায়ে এসে ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে টিকে আছে ম্যান সিটি। তবে এফএ কাপের সেমিফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারী আর্সেনালের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে। যদিও তাদের হাতে একটি ম্যাচ জমা রয়েছে।

আর্সেনাল ৩১ ম্যাচ খেলে অর্জন করেছে ৭০ পয়েন্ট। দ্বিতীয় থাকা ম্যান সিটি ৬১ পয়েন্ট পেয়েছে ৩০ ম্যাচে। অর্থাৎ ব্যবধান ঘুচিয়ে নিতে এখনও আটটি ম্যাচ বাকি আছে তাদের।

আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি ট্রান্সফারে বার্নার্দোকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় রয়েছে বার্সেলোনা ও জুভেন্তাস। এছাড়া, আরও কিছু দল তাকে পেতে আগ্রহী। তবে পরবর্তী গন্তব্য নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, তার সৌদি আরবের প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের এমএলএসে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here