‘মিত্র ইরান’ থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া, চাঞ্চল্যকর দাবি সিউলের

0
‘মিত্র ইরান’ থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া, চাঞ্চল্যকর দাবি সিউলের

দীর্ঘদিনের মিত্র ইরান থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ খোলা রাখতেই পিয়ংইয়ং এই কৌশল নিচ্ছে- এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

সোমবার দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)-এর বরাত দিয়ে এ তথ্য জানান আইনপ্রণেতা পার্ক সুন-ওন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পরও পিয়ংইয়ং কোনো শোকবার্তা প্রকাশ করেনি।

এছাড়া খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাঠানো হয়নি বলে জানানো হয়।

এনআইএস আরও জানায়, যেখানে চীন ও রাশিয়া নিয়মিত বিবৃতি দিচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র দুটি তুলনামূলক ‘নরম’ বিবৃতি দিয়েছে। এতে দেখা যাচ্ছে, পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প-এর সরাসরি সমালোচনা এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে।

গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, সম্ভাব্য কূটনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে এই সংযত অবস্থান নিচ্ছে উত্তর কোরিয়া। বিশেষ করে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক সামনে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং। সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here