সিনিয়র-জুনিয়র দ্বন্ধে নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: সেলিম হত্যায় ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন গ্রেফতার চার কিশোর হলেন- সজল, শাওন, ফয়সাল ও রাজিন। তাদের সবার বাড়ি দাদপুর ইউনিয়নে।
শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ঘটনাস্থল আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে শিশু আদালত ১ এ হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেওয়া হবে। এই ঘটনায় নিহতের বড় ছেলে শাকিল বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
শনিবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: সেলিমের বাড়ির সামনে কিশোর চক্রের সদস্যরা তার ছোট ছেলে অন্তরের ওপর হামলা চালায়। খবর পেয়ে ছেলেকে বাঁচতে গিয়ে হামলা নিহত হন সেলিম। এ ঘটনায় সেলিমের বড় ছেলে সাকির বাদী হয়ে থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের ছেলে অন্তর ও এলাকার কিশোরের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল। শনিবার দুপুরে এনিয়ে ফোনে অন্তরের সঙ্গে সজল নামে এক কিশোরের বাকবিতণ্ডা হয়। সন্ধ্যা ৭টার দিকে সজল তার সহযোগীদের নিয়ে অন্তরের বাড়ির সামনে এসে তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শোরগোল শুনে বাড়ির পাশে নিজের দোকান থেকে বের হয়ে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান মো. সেলিম।

