দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় কৃষক, মোটরসাইকেল চালক ও গণপরিবহনসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এ পরিস্থিতিতে অবৈধ মজুদ ও কালোবাজারি ঠেকাতে শনিবার অভিযান চালায় প্রশাসন। উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযানে পরিতোষ কুমার রায়ের বাড়ি থেকে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তেল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করেন বলে জানায় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কালোবাজারি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না।
তিনি আরও জানান, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে মুনাফা অর্জনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে একই দিন সকালে বীরগঞ্জ পৌরসভার জননী ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১৬ জন মোটরসাইকেল চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

