বিশ্বকাপের আগে মাঠের বাইরে রাফিনিয়া

0
বিশ্বকাপের আগে মাঠের বাইরে রাফিনিয়া

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। সেই সুবাদে ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ছিলেন প্রথম একাদশে।

তবে ওই ম্যাচের পর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই চোট বার্সেলোনা ও ব্রাজিল দুই দলের জন্যই বড় দুঃসংবাদ হয়ে এসেছে। গত বৃহস্পতিবার কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচেই অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধ শেষেই তাকে আর মাঠে নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের পর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে করানো পরীক্ষায় রাফিনিয়ার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

ক্লাব সূত্রে জানা গেছে, চিকিৎসা শুরু করতে দ্রুতই বার্সেলোনায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার পুনর্বাসনে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

এই চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে রাফিনিয়ার ইনজুরি কাতালানদের শিরোপা লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here