সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসীরা এই দিনটি উদযাপন করেন।
আজ বৃহস্পতিবার সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাই কনস্যুলেটে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পতাকা উত্তোলনের পর মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দিবসটি উপলক্ষে দুই মিশনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এরপর মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দূতাবাস ও দুবাই আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। তারা প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের নানা ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের আরও কার্যকর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উভয় মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই আয়োজনে উপস্থিত ছিলেন।

