‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

0
‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রেখেছিল একটি ফিলিং স্টেশন। অথচ সেই ফিলিং স্টেশনে প্রায় ১০ হাজার লিটার জ্বালানির মজুত পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় শাস্তি হিসেবে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

ফিলিং স্টেশনে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

ইউএনও জাকির মুন্সী বলেন, ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাম্পে জ্বালানি সংরক্ষণ করা বিভিন্ন হাইজ তল্লাশি করে তেলের মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার দায়ে ফিলিং স্টেশন মালিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here