যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে—ইরানের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব আজ পৌঁছাতে পারে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে এবং এতে কিছু বাস্তব অগ্রগতি হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহর মতো ‘প্রক্সি মিলিশিয়া’কে সমর্থন বন্ধ করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরুতে ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘অতিরিক্ত’ বলে উল্লেখ করে। পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, কিছু প্রস্তাব দেশের শীর্ষ নেতৃত্বের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রয়োজন মনে হলে ইরানের অবস্থান নির্ধারণ করা হবে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুদ্ধ অবসানের জন্য পাঁচটি শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধক্ষতিপূরণ পরিশোধ, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভবিষ্যতে ইরানের ওপর আর হামলা না হওয়ার নিশ্চয়তা।
উল্লেখ্য, আলোচনার টানাপোড়েনের মধ্যেই হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং রাজধানী তেহরানেও বিমান হামলার ঘটনা ঘটছে।

