পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ধারাভাষ্য প্যানেল নিয়ে। পিএসএলে ধারাভাষ্য দেওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক রাইট।
গত ২৩ মার্চ পিএসএল কর্তৃপক্ষ যে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছিল, সেখানে বাংলাদেশের আতহার আলী খানের পাশাপাশি নিক রাইটের নামও ছিল। তবে পরবর্তীতে দেখা যায়, আইপিএলের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে যুক্ত হয়েছেন তিনি।
এবারের আইপিএলে মোট ১২টি ভাষায় ধারাভাষ্য প্রচার করা হবে। ইংরেজি প্যানেলে নিক রাইটের সঙ্গে আরও আছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, কেভিন পিটারসেন, রবি শাস্ত্রি, ইয়ান বিশপ, হার্শা ভোগলে এবং ড্যানি মরিসন।
এদিকে খেলোয়াড়দের ক্ষেত্রেও পিএসএল থেকে আইপিএলে যোগ দেওয়ার একাধিক নজির দেখা গেছে। ব্লেসিং মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার চুক্তি থাকা সত্ত্বেও আইপিএলের কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন, যেখানে তিনি মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন।
একইভাবে স্পেন্সার জনসন কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তি ভেঙে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। দাসুন শানাকা লাহোর কালান্দার্স ছেড়ে রাজস্থান রয়্যালসে নাম লেখান।
এছাড়া গুদাকেশ মতির নামও পিএসএল ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেওয়ার গুঞ্জনের সঙ্গে জড়িয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।

