পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

0
পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার ভোরে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মিজান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্রসহ পলাশবাড়ী থানায় যান। এ সময় ওসির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা থানার একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য ওসির ওপর চাপ প্রয়োগ করেন। এতে ওসি রাজি না হলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়ে মারধর করেন। বাধা দিতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। এতে এক নারী কনস্টেবলসহ পুলিশের নয় সদস্য আহত হন।

এ ঘটনায় আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন ২৬ মার্চ পলাশবাড়ী থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় এর আগে তৌহিদুল ইসলাম কানন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হলো। এ নিয়ে মামলায় মোট দুইজন গ্রেপ্তার হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here