আইপিএলে সেরা একাদশে এক বাংলাদেশি

0
আইপিএলে সেরা একাদশে এক বাংলাদেশি

২০২৫ সালের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৯ তম আসর। আসরকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি, ধারাভাষ্যসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত ম্যাগাজিন উইজডেন এশিয়ার (ভারত বাদে) ক্রিকেটারদের নিয়ে আইপিএলের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

তিনি ২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। আইপিএলে মোট ৭১ ম্যাচ খেলে সাকিব ১৯.৮২ গড়ে ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান করেছেন।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলিংয়ে অবশ্য বেশি কার্যকরী তিনি। বাঁহাতি স্পিনে ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন মোট ৬৩টি উইকেট। কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে দুবার শিরোপাও জেতেন তিনি। উইজডেনের আইপিএল সেরা একাদশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য বেশি। তালিকায় ছয়জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। ওপেনিং জুটিতে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রয়েছেন দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে।

অলরাউন্ডার বিভাগে ছয় ও সাত নম্বরে রয়েছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও আজহার যুক্তরাজ্যের পাসপোর্টে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে পেরেরা ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।

স্পিন বোলিং আক্রমণে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে আছেন রশিদ খান। রশিদ তার লেগস্পিনের জাদুর পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী হতে পারেন। আছেন দুই পেসার লাসিথ মালিঙ্গা ও সোহেল তানভীর। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন তানভীর। রাজস্থান রয়্যালসের হয়ে সেবার জিতেছিলেন শিরোপা।

উইজডেনের আইপিএলের অ-ভারতীয় এশিয়ার সেরা একাদশ:

সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মেহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর, লাসিথ মালিঙ্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here