মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

0
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশজুড়ে বর্ণিল আয়োজন করেছে বাংলাদেশ নৌবাহিনী। দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌ অঞ্চলসমূহে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটিতে নানা কর্মসূচি পালিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত আশার আলো স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

চট্টগ্রামে নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। রোগ নির্ণয়ের পর প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। সেবাগ্রহীতারা এতে সন্তোষ প্রকাশ করেন।

জাতীয় প্যারেড স্কয়ারে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে নৌবাহিনীর কন্টিনজেন্ট, মেকানাইজড কলাম এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়। এর মাধ্যমে বাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, সদরঘাট ঢাকায় বিএনডিবি গাংচিল, নারায়ণগঞ্জ নৌ ইউনিটে বানৌজা অতন্দ্র, খুলনায় বানৌজা শহীদ আখতার উদ্দিন, দিগরাজে বানৌজা আবু বকর এবং বরিশালে বানৌজা অদম্য সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় বিপুল সংখ্যক মানুষ জাহাজ পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here