ঈদের দিন সকাল থেকেই শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত ‘মর্ডান ফেন্টাসি কিংডম এন্ড মিনি চিড়িয়াখানা’-তে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে টানা সাত দিনের বিশেষ আয়োজন চলছে।
ঈদের ছুটিতে বাড়তি বিনোদনের খোঁজে পরিবার-পরিজন নিয়ে শরীয়তপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এখানে ভিড় করছেন। রাইডে চড়া, পশুপাখি দেখা এবং সবুজ পরিবেশে সময় কাটিয়ে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা।
বিশেষ করে শিশু ও তরুণদের ভিড় বেশি দেখা গেছে ‘মর্ডান ওয়াটার ওয়ার্ল্ড’ সুইমিং পুলে। ঢেউয়ের আদলে তৈরি এই ওয়াটার জোনে জলকেলি, স্লাইডার রাইড ও সাঁতারে মেতে উঠছে তারা।
এছাড়া গ্রিন ওয়ার্ল্ড, চিড়িয়াখানা, ভেনিস পার্ক ও ঝুলন্ত ব্রিজসহ অন্যান্য স্থানেও ছিল ভিড়। প্রতিটি রাইডে বিনোদনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিনোদন কেন্দ্রটির স্বত্বাধিকারী ডা. আলমগীর মতি জানান, এখানে মোট ৩৩টি রাইড রয়েছে। এর মধ্যে চিড়িয়াখানার চিত্রা হরিণ, ইমু, উটপাখি দর্শন ও ইকোপার্কসহ কয়েকটি রাইড ঈদ উপলক্ষে বিনামূল্যে রাখা হয়েছে।
তিনি বলেন, অর্থ উপার্জনের জন্য নয়, মানবসেবার লক্ষ্যেই এই বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ১১০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রে ইকোপার্কে রয়েছে প্রায় ১৫টি ছোট রাইড। এছাড়া রেলগাড়ি ও ভাসমান ব্রিজসহ কয়েকটি রাইড বিনামূল্যে উপভোগ করছেন দর্শনার্থীরা। ফলে নিম্ন আয়ের মানুষও সহজে বিনোদনের সুযোগ পাচ্ছেন।

