বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ২

0
বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ২

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীতে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার বামনিকাঠী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেজাউল করিম (২৮) ও নাছির ফকির (৪২)। তারা দুজনই রাঙ্গাবালী উপজেলার বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরমুজ চাষি রাঙ্গাবালী থেকে একটি ট্রলারে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারায় তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলার থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক ট্রলারটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here