অস্ট্রেলিয়ায় কমিউনিটি নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততায় উল্লেখযোগ্য অবদান রাখায় “কমিউনিটি চ্যাম্পিয়ন রিকগনিশন অ্যাওয়ার্ড” পেয়েছেন প্রবাসী বাংলাদেশি নাইম আবদুল্লাহ। কালচারালপালসের অ্যাম্বাসেডর নেটওয়ার্কের অংশ হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এ তার সক্রিয় অংশগ্রহণ এবং কমিউনিটি সংগঠনে নেতৃত্ব টুর্নামেন্টটির সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আসরটি এশিয়ায় নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বৃহৎ ও রেকর্ড গড়া আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।
নাইম আবদুল্লাহর নেতৃত্ব, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। তার প্রচেষ্টায় টুর্নামেন্টে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হয় এবং এটি ইতিহাসের সর্বোচ্চ দর্শক উপস্থিতির নারী এশিয়ান কাপ হিসেবে স্বীকৃতি পায়।
গত ২১ মার্চ কালচারালপালস-এর সিইও রে লাঘাভান স্বাক্ষরিত এ সম্মাননা তার কমিউনিটি অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন অর্জন ভবিষ্যতে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে আরও অনুপ্রেরণা যোগাবে।

