গিলকে স্ট্রাইক রেটের পেছনে ছুটতে মানা করলেন অশ্বিন

0
গিলকে স্ট্রাইক রেটের পেছনে ছুটতে মানা করলেন অশ্বিন

ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে এবারের আইপিএলকে বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন শুবমান গিল। তবে ভারতের স্পিন কিংবদন্তি রভিচান্দ্রন অশ্বিন তাকে স্ট্রাইক রেটের পেছনে ছুটতে না গিয়ে নিজের খেলার উপর ফোকাস করার পরামর্শ দিয়েছেন।

অশ্বিন গুজরাট টাইটান্সের অধিনায়ককে বলেছেন, মাঠে গিয়ে নিজের স্বাভাবিক খেলায় প্রচুর রান করা গিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আহমেদাবাদে তাকে আউট করা খুবই কঠিন, সম্প্রতি সে যেন ডন হয়ে উঠেছে। মাঠে গিয়ে আবারও রানের জোয়ার বইয়ে দিতে হবে। নিজেকে প্রাসঙ্গিক রাখার একমাত্র উপায় হলো প্রচুর রান করা। সে গুজরাট টাইটান্সের সেরা ব্যাটার হবে।’

গত আইপিএলে ১৫ ম্যাচে ৬৫০ রান এবং ছয়টি ফিফটির মাধ্যমে দারুণ ছন্দে ছিলেন গিল। সিরি-আয় লিগে তার স্ট্রাইক রেট ছিল ১৫৫.৮৭। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৪০-এর কম। দেশের জার্সিতে ৩৬ ম্যাচে ৮৬৯ রান করেছেন তিনি, সঙ্গে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

অশ্বিন আরও বলেন, ‘স্ট্রাইক রেটের পেছনে না ছুটলেও গিল প্রচুর রান করতে পারবে। এবারের আইপিএলে রান করার জন্য আরও ক্ষুধার্ত থাকবে। টপ অর্ডারে গিল, সাই সুদার্শান ও জস বাটলারের মধ্যে গিল এই মৌসুমে রানের জন্য প্রধান ভূমিকা রাখবেন। এক পর্যায়ে তাকে অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে দেখা যেতে পারে।’

আগামী শনিবার শুরু হচ্ছে এবারের আইপিএল, যেখানে গুজরাট টাইটান্স তাদের প্রথম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here