ইরানি তেল ও পরিশোধিত জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা স্থগিতের পর অবশেষে দীর্ঘ ছয় বছর পর তেহরান থেকে প্রথম এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কার্গো কিনেছে ভারত।
শিল্প সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
২০১৯ সালে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত।
এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি এলপিজি বহনকারী ট্যাংকার ‘অরোরা’ খুব শিগগিরই ভারতের পশ্চিম উপকূলীয় মেঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই জ্বালানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন- এই তিনটি জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

