মাদারীপুরে বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, গৃহবধূ নিহত

0
মাদারীপুরে বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, গৃহবধূ নিহত

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে বাজি ফোটানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে কয়েকজন শিশু বাজি ফোটানোর সময় এর ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রীর কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ বনানী শিকদারের সঙ্গে প্রতিবেশীদের বাকবিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে মন্টু শিকদার উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন তোলক শিকদার (৪৪), মনির শিকদার (৩৮) ও রবি শিকদার (৪২)। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here