শ্রীপুরের সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা

0
শ্রীপুরের সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গণকবর ও বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে শহীদ ১২ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের বর্বর হত্যাকাণ্ডের স্মৃতি ধারণ করা এ স্থানে বুধবার সকালে আবেগঘন পরিবেশে এই কর্মসূচি পালন করা হয়।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই এলাকায় দুই নারীসহ ১২ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে। পরে তাদের সাতখামাইর গ্রামের রেললাইনের পাশে একই স্থানে গণকবর দেওয়া হয়।

নিহতদের মধ্যে এক নববধূও ছিলেন, যাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়। এই ঘটনা সে সময়কার নৃশংসতার এক হৃদয়বিদারক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, যারা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, তারা ইতিহাসকে অস্বীকার করে। এই গণকবর আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগের জ্বলন্ত প্রমাণ।

গণকবরে শায়িত শহীদদের মধ্যে রয়েছেন আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী, হানিফ মিয়া, ছালেহা বেগম, রুকিয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, তেলিহাটী ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here