ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেন, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করতে সব সুযোগ কাজে লাগাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই ভালো।
ওয়াং ই আরও বলেন, সংকটপূর্ণ সব বিষয় শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
জবাবে আব্বাস আরাগচি জানান, ইরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের একটি পূর্ণাঙ্গ সমাপ্তি চায়। একই সঙ্গে মানবিক সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইরানের অনুরোধেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তবে চীন ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা দেশগুলোতে ইরানের হামলার সঙ্গে তারা একমত নয় এবং শুরু থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।

