ম্যাককালামের ওপরই আস্থা ইংল্যান্ডের

0
ম্যাককালামের ওপরই আস্থা ইংল্যান্ডের

ইংল্যান্ড ক্রিকেটে সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে সমালোচনা থাকলেও প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের ওপরই আস্থা রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ড নিশ্চিত করেছে, তিন সংস্করণেই দায়িত্ব পালন করবেন তিনি এবং তার মেয়াদ চলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

একই সঙ্গে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন বেন স্টোকস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন হ্যারি ব্রুক। আর ম্যানেজিং ডিরেক্টর পদে থাকছেন রব কি।

গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ম্যাককালামকে সরানোর আলোচনা শুরু হয়েছিল। এরপর মাঠের বাইরে বিভিন্ন বিতর্ক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় ইংল্যান্ড ক্রিকেটে চাপ আরও বাড়ায়। এরই প্রেক্ষাপটে জানুয়ারিতে ইসিবি একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার ঘোষণা দেয়।

সব দিক বিবেচনার পর সোমবার বোর্ড জানায়, বর্তমান নেতৃত্বেই আস্থা রাখা হচ্ছে। যদিও ব্রিটিশ গণমাধ্যমে ম্যাককালাম ও স্টোকসের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, প্রকাশ্যে তারা একে অপরকে সমর্থন দিয়েছেন।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব কি বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য সেরা মানুষ কে, এই প্রশ্নের উত্তর আমার কাছে পরিষ্কার। ব্রেন্ডন ম্যাককালামই সেই ব্যক্তি। তিনি খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে পারেন।’

তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক সময়টা কঠিন গেলেও সেটি নেতৃত্বের অযোগ্যতার প্রমাণ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here