বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতে ‘ঢাকাই কাচ্চি বিরিয়ানি ফেস্টিভাল’ আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ আয়োজন করছে।
ফেস্টিভালটি আগামী ২৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রাঙ্গণে শুরু হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, কূটনীতিক ও সদস্যদের জন্য ‘প্রথম আসলে প্রথম পরিবেশন’ ভিত্তিতে বিরিয়ানি দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবে ঐতিহ্যবাহী ঢাকাই কাচ্চি বিরিয়ানি। এটি বাংলাদেশের খাবার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এক পোস্টারে প্রকাশিত কাচ্চি বিরিয়ানির ছবিতে মাংসের বড় টুকরো, আলু, সোনালি ভাত, জিরা, দারচিনি, লবঙ্গসহ বিভিন্ন মশলার সুবাস মিশে রয়েছে, সঙ্গে রয়েছে রায়তা।
এই আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের চেষ্টা করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ সাংস্কৃতিক বিনিময়ের একটি অনন্য উদাহরণ হবে।

