দেশে এসে মোটরসাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে লাশ হলেন সৌদি প্রবাসী

0
দেশে এসে মোটরসাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে লাশ হলেন সৌদি প্রবাসী

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল প্রশিক্ষণ নিতে (চালানো শিখতে) গিয়ে দুর্ঘটনায় মো. মহসিন (২৮) নামক এক প্রবাসী নিহত হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে লাকসাম পৌরসভার পেয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহসিন পেয়ারাপুর এলাকার রিকশাচালক মো. দুদু মিয়ার ছেলে। তিনি একজন সৌদি আরব প্রবাসী। 

স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে মহসিন ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন। এরই মধ্যে নিজ এলাকায় তিনি মোটরসাইকেল প্রশিক্ষণ নিচ্ছিলেন। আকস্মিক মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির সীমানা দেয়ালের সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। তাৎক্ষণিক তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আর যাওয়া হলো না সৌদি আরবে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here