চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

0
চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথানীপাড়া গ্রামে পূর্ব বিরোধ মীমাংসায় ডাকা সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে সকাল ৯টার দিকে একটি সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করে। একপর্যায়ে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ওসি নূরে আলম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here