মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন কাবিরের উপর হামলা করে।
স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

