লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে বাবার বাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল ইসলাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। উভয় পক্ষের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে।
নিহতের স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

