প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার আলি

0
প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার আলি

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটির ১১তম আসর। এই আসরের ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই তালিকায় আন্তর্জাতিক ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান।

বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা থাকলেও পিএসএলের এবারের আসরে আতহার আলি খানের উপস্থিতি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। ইংরেজি ধারাভাষ্য প্যানেলে তিনি ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্কের মতো কিংবদন্তিদের সাথে মাইক্রোফোন ভাগ করে নেবেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট প্রথমবারের মতো পিএসএলের ধারাভাষ্য দিতে যাচ্ছেন। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েটকেও দেখা যাবে ইংরেজি প্যানেলে।

পিএসএলের গত ১০টি আসরে খেলোয়াড় হিসেবে মাঠ মাতানো শোয়েব মালিক এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ১১তম আসরে তাকে দেখা যাবে উর্দু ধারাভাষ্যকার হিসেবে। তার সাথে উর্দু প্যানেলে আরও থাকছেন সাবেক অধিনায়ক সালমান বাট এবং সানা মির।

এবারের আসরে সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবে অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রোর। তাদের সাথে নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত।

আতহার আলি খান ছাড়াও ইংরেজি ধারাভাষ্য প্যানেল আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, আমির সোহেল, কার্লোস ব্রেথওয়েট, ডমিনিক কর্ক, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মার্টিন গাপটিল, মাইকেল হেইসম্যান, নিক নাইট, গ্রিন ব্লুয়েট, বাজিদ খান, উরুজ মমতাজ খান এবং সিকান্দার বখত।

আর হিন্দি ধারাভাষ্য প্যানেলে আছেন শোয়েব মালিক, সালমান বাট, সানা মির, তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here