কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

0
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সেনা বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনো নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লকহিড মার্টিনের হারকিউলিস সি-১৩০ বিমানটি সৈন্য পরিবহনের সময় দুর্ঘটনায় পড়ে। বিমানটি পেরু সীমান্তঘেঁষা দক্ষিণ আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, হতাহত ও দুর্ঘটনার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি একটি শহর কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

সেনাবাহিনীর জেনারেল কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, বিমানটিতে ১১৪ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। প্রাথমিক হিসেবে প্রায় ৪৮ জন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এমন ঘটনা আর হওয়া উচিত নয়। তিনি সামরিক আধুনিকায়নে দেরির জন্য প্রশাসনিক জটিলতাকেও দায়ী করেন।

বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here