সরগরম কুয়াকাটা, ঈদের তৃতীয় দিনে দ্বিগুণ পর্যটক

0
সরগরম কুয়াকাটা, ঈদের তৃতীয় দিনে দ্বিগুণ পর্যটক

ঈদের ছুটির তৃতীয় দিনে সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। গত দুই দিনের তুলনায় সোমবার দ্বিগুণ পর্যটকের সমাগম হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় জিরো পয়েন্টসহ দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত মুখর হয়ে ওঠে।

সৈকতের পাশাপাশি তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, সূর্যোদয় পয়েন্ট গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের সরব উপস্থিতি দেখা গেছে। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন ও দ্বিতীয় দিনে পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সোমবার থেকে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। আগতরা সৈকতের বালিয়াড়িতে হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে ওঠেন। কেউ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে প্রিয়জনদের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। শিশুদের দেখা গেছে বালু খেলায় মেতে উঠতে। এছাড়া পর্যটকদের অনেকেই মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়ায় চড়ে লেম্বুর বন, শুটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।

পর্যটকের ভিড়ে জমে উঠেছে স্থানীয় ব্যবসাও। খাবার হোটেল, সুভেনির দোকান ও পরিবহন খাতে বেড়েছে বিক্রি।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যটন মৌসুম হলেও জাতীয় নির্বাচন ও রমজানের কারণে পর্যটক ছিল না বললেই চলে। এতে হোটেল মালিকরা আর্থিকভাবে চাপে ছিলেন। তবে ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা।

পর্যটক সাইফুল ইসলাম বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। এখানে অনেক মানুষ, পরিবেশটাও দারুণ লাগছে। সবচেয়ে ভালো লেগেছে সমুদ্রের গর্জন।

আরেক পর্যটক মনিরুল ইসলাম জানান, তিন বন্ধুর পরিবার নিয়ে প্রথমবারের মতো কুয়াকাটায় এসেছেন তারা। শিশুদের আনন্দই সবচেয়ে বেশি চোখে পড়ছে। জোয়ার শুরু হলে সমুদ্রে নামার পরিকল্পনাও রয়েছে তাদের।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটকের ব্যাপক চাপ রয়েছে। অধিকাংশ হোটেল-মোটেল আগেই বুকিং হয়ে গেছে।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here