বিগত সময়ের তুলনায় ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব ধীরে ধীরে বাড়ছে। এবার দেশটির পৌর নির্বাচনে তেমন চিত্রই দেখা গেছে।
রবিবার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোট শেষে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রথম দফার ভোটে গত ১৫ মার্চ সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম বামপন্থী লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হন। দ্বিতীয় দফার ভোটে রবিবার জয়ী হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ কৌশিক রাব্বানী খান।
অন্যদিকে লা-কোনর্ভ মিউনিসিপ্যাল থেকে আকাশ বড়ুয়া প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ক্রেতেই শহরে ফরাসি সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সি তরুণ ফাহিম মোহাম্মদ।
এছাড়া ইভ্রি-সুর-সেন শহরের ফ্রন্ট পপুলেয়ার জোটের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ।
জানা গেছে, বাংলাদেশের মতো এখানে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হয় না, বরং মেয়র প্রার্থীর নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ প্যানেলের পক্ষে ভোট হয়। পরে সেই তালিকা থেকেই কাউন্সিলর নির্বাচন এবং তাদের মধ্য থেকেই মেয়র নির্ধারণ করা হয়।
এবারের নির্বাচনে প্রায় ৫৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন। যা ২০২০ সালের তুলনায় বেশি। বাংলাদেশি তরুণদের সাফল্যে প্রবাসীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

