যুদ্ধে লিপ্ত সকল পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান চীনের

0
যুদ্ধে লিপ্ত সকল পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান চীনের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়ান জিয়ান যুদ্ধে লিপ্ত সকল পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে সহিংসতার এই ‘দুষ্টচক্র’ থেকে বেরিয়ে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে বলা হয়েছে, ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে লিয়ান জিয়ান বলেন, যদি এ শত্রুতা আরও তীব্র হয় এবং পরিস্থিতির অবনতি ঘটে, তবে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন যে, প্রথমত এ যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না।

ইরানের ওপরে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্ব জুড়েই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অস্থিতিশীল হয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্য জুড়েই হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

তবে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরেও এর প্রভাব পড়ছে। কোথাও তেলের দাম বেড়ে গেছে, কোথাও আবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের খরচও বেড়ে গেছে।

ইরান যুদ্ধের কারণে চীনের ওপরে এখনো কোনো বড়ো প্রভাব পড়েনি, কিন্তু তবুও তারা চাপ অনুভব করবে। সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী চীন যে পরিমাণ তেল আমদানি করে, তার মাত্র ১২ শতাংশ ইরান থেকে যায়।

সূত্র : বিবিসি বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here