ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া, ক্যাসিনো প্রতিরোধ এবং আগামীর ঈশ্বরগঞ্জ বিনির্মাণে তরুণ প্রজন্ম ও ছাত্র-জনতাকে নিয়ে এক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ময়মনসিংহ-৮ আসনের (ঈশ্বরগঞ্জ উপজেলা) এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আহ্বানে এই টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত টাউন হল মিটিংয়ে স্বাগত বক্তব্যে এমপি মাজেদ বাবু বলেন, আমি হয়তো রাজনীতি করার জন্য একটি দলকে রিপ্রেজেন্ট করি। একটি দলীয় প্রতীকে এই ঈশ্বরগঞ্জের এমপি হয়েছি। এখন আমার দায়িত্ব যারা আমাকে ভোট দেয়নি তাদের মাঝে আস্থা ফেরানো। তাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা। তাই আমাদের যে শিক্ষিত প্রজন্ম আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি সুন্দর নৈতিকতা সম্পন্ন সাম্য ও ন্যায্যতার ঈশ্বরগঞ্জ গড়ে তুলাই হবে আমার দায়িত্ব।
এতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার কাছ থেকে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মাজেদ বাবু এবং আগামীর ঈশ্বরগঞ্জ বিনির্মাণে তার পরিকল্পনা ব্যক্ত করেন। এছাড়াও সমাজে বিভিন্ন অপসংস্কৃতি, শিক্ষা ক্ষেত্রে নানা সমস্যা, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা, অনগ্রসর নারীদের উন্নয়নের ধারায় নিয়ে আসা, মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি করা ইত্যাদি নানা সমস্যা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে মাজেদ বাবু বলেন, উপজেলার প্রতিটি গ্রাম ও বাড়িতে কোথায় মাদক বিক্রি হয়, তা চিহ্নিত করা হবে। এরপর সংশ্লিষ্টদের ছবি, নাম ও পরিচয় প্রকাশ করে তাদের কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বর্জন করা হবে। তাদের বাড়িতে সাইনবোর্ড টানানো হবে, যাতে লেখা থাকবেএটি মাদক বিক্রেতার বাড়ি। যেন সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে।’
তিনি আরও বলেন, প্রশাসনের কেউ যদি এসব কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বুয়েট, চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

