ভিয়েতনামে গিয়েই অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

0
ভিয়েতনামে গিয়েই অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ রবিবার ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেছে। ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে ভিয়েতনামে পৌঁছে এটিই ছিল দলের প্রথম মাঠের অনুশীলন।

স্বল্প সময়ের এই সেশন হলেও অনুশীলনে ছিল ইন্টেনসিভ। কোচিং স্টাফের তত্ত্বাবধানে খেলোয়াড়রা ফিটনেস, বল কন্ট্রোল ও ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন।

পবিত্র ঈদুল ফিতরের আমেজ যখন সারা দেশে, ঠিক তখন ভিন্ন এক আবহে সময় পার করছেন দেশের ফুটবলাররা। সবাই যখন উৎসবের আনন্দে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, তখন জাতীয় দায়িত্ব পালনে দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে অবস্থান করছেন ফুটবলাররা।

বাংলাদেশ জাতীয় পুরুষ দলসহ তিনটি ভিন্ন বয়সভিত্তিক দল এখন আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই ফুটবলারদের জন্য এবারের ঈদ কাটছে মাঠের অনুশীলনে আর রণকৌশল সাজানোর মধ্য দিয়ে।

জাতীয় ফুটবল দলের মিশন এবার ভিয়েতনামে। ঈদের দিন সকালেই তারা দেশ ছেড়েছেন ভিয়েতনামের উদ্দেশ্যে। আগামী ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই দুটি ম্যাচ ফুটবল প্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে কারণ এটি জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ী সিরিজ হতে পারে। দীর্ঘ চার বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে থাকা এই স্প্যানিশ কোচের শেষটা রঙিন করতে চান ফুটবলাররা। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও সোমবার থেকে পূর্ণোদ্যমে প্রস্তুতি শুরু করবেন তারা। জামাল-হামজাদের লক্ষ্য ইতিবাচক ফলের মাধ্যমে ফিফা র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করা।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here