রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের দুর্ঘটনাস্থলটি আজ রবিবার দুপুরে পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের যেন সহায়তা করা হয়।
যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেই গেটগুলোকে ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়ার কথা ভাবছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে দুজনের গাফিলতি পেয়ে তাদের বরখাস্ত করেছে।

