ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মিলনমেলা। উৎসবমুখর এ আয়োজনে সুবিধাবঞ্চিত ছয় শতাধিক নারী, পুরুষ ও শিশুদের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
শনিবার দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’।
অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নিজ হাতে উপস্থিত অতিথিদের খাবার পরিবেশন করেন।
যশোর রেলস্টেশন এলাকায় বয়োজ্যেষ্ঠ জরিনা বেগম বললেন, ‘ঈদের দিন পোলাও, রোস্ট, গরুর মাংস খেতে পেয়েছি। তাও আবার এমপি নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছেন। এমন আপ্যায়ন পাবো ভাবতে পারিনি। পুরাতন কসবা এলাকার রিকশাচালক আব্দুর রহমান (৬০) বলেন, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখানে খুব তৃপ্তিসহকারে খেয়েছি।
আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল আইসক্রিম কর্নার। এখানকার আইসক্রিমের স্বাদ শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ করে রাখা নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা। ‘জয়ফুল জার্নি’ যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এর আগেও গত দুটি ঈদে তারা সুবিধাবঞ্চিত মানুষের জন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সহ-সভাপতি কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

