আইপিএল শুরুর আগে আরও এক ধাক্কা খেল কলকাতা

0
আইপিএল শুরুর আগে আরও এক ধাক্কা খেল কলকাতা

আইপিএল শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়নরা পুরো মৌসুমের জন্য এবার হারিয়েছে ভারতীয় পেসার আকাশ দিপকে।

২৯ বছর বয়সী আকাশের ছিটকে পড়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কলকাতা। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এখনও পিঠের চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। মাঠে ফিরতে আরও তিন মাস সময় লাগবে তার।

কলকাতার পেস বোলিং বিভাগেই মূলত ধাক্কাটা লাগছে। এর আগে আসর থেকে ছিটকে গেছেন তাদের আরেক ভারতীয় পেসার হার্শিত রানা। হাঁটুর চোটে ভোগা এই ক্রিকেটারকেও না পাওয়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার অভাব পূরণের পথ খোঁজার কথা বলে বিষয়টি অনেকটাই নিশ্চিত করে দিয়েছেন কলকাতার প্রধান কোচ আভিশেক নায়ার।

লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে আসরের শুরু থেকে পাচ্ছে না কলকাতা। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার পথে থাকা এই বোলার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) তত্ত্বাবধানে পুনর্বাসনের মধ্যে আছেন তিনি। এপ্রিলের মাঝামাঝিতে তাকে পাওয়ার আশা করছে কলকাতা।

গত ডিসেম্বরের নিলাম থেকে বেঙ্গলের পেসার আকাশকে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে দলে টানে কলকাতা। ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুনর্বাসনে আছেন আকাশ।

চোটের কারণে জাতীয় দল কিংবা আইপিএল, এখনও কোথাও নিয়মিত হতে পারেননি আকাশ। ২০২২ সালে আইপিএল অভিষেকের পর এখন পর্যন্ত স্রেফ ১৪ ম্যাচ খেলতে পেরেছেন তিনি, উইকেট ১০টি। গত আসরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে স্রেফ ছয় ম্যাচ খেলতে পারেন ডানহাতি পেসার। ২০২৫ সালের নিলাম থেকে আট কোটি রুপিতে কেনা বোলারকে এক মৌসুম পরই ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

কলকাতায় বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে এখন আছেন কেবল তিনজন। বৈভাব অরোরা, উমরান মালিক ও কার্তিক তেয়াগি। তাদেরকে সাহায্য করতে পারেন অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে এখনও বোলিং ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়া গ্রিনকে দিয়ে ম্যাচে চার ওভার করাতে পারবে না কলকাতা। আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কলকাতার আইপিএল অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here