ম্যাচের একেবারে শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথের লড়াই ছিল সমানে সমান। ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে প্রথম এক ঘণ্টা অতিথিদের আটকে রাখতে সক্ষম হয় বোর্নমাউথ।
৬১ মিনিটে ডেডলক ভাঙার পর দুইবার এগিয়েও যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা—জয় নিয়ে ফেরা হয়নি তাদের।
শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দোজের পেনাল্টি গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। ৬ মিনিট পর রায়ান ক্রিস্তির গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
১-১ গোলে সমতায় থাকার পর ৭১ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যায় জেমস হিলের আত্মঘাতী গোলে। নির্ধারিত সময়ের শেষ ১৯ মিনিট লিড ধরে রাখার পন ছিল ম্যান ইউনাইটেডের। তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় বোর্নমাউথ ফের খেলায় ফেরে হ্যারি মাগুয়েরের এক ভুলে। নিজেদের বক্সে বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসনকে ফেলে দেন ইউনাইটেডের সেন্টার-ব্যাক। এতে রেড কার্ড দেখার সঙ্গে পেনাল্টিও হজম করতে হয় তাঁকে। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান জুনিয়র রুপি। বাকি সময়ে চেস্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাইকেল ক্যারিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে দশে বোর্নমাউথ। সবার ওপরে থাকা আর্সেনালে ঝুলিতে ৭০ পয়েন্ট। গানারদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। যদিও পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

