ভারতে সংবাদ সংস্থা ইউএনআই কার্যালয় সিলগালা

0
ভারতে সংবাদ সংস্থা ইউএনআই কার্যালয় সিলগালা

আদালতের নির্দেশে ভারতের নয়া দিল্লিতে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার (ইউএনআই) কার্যালয় সিলগালা করেছে দিল্লি পুলিশ। শুক্রবার কার্যালয় সিল করার এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি পুলিশের এই পদক্ষেপকে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ বলে আখ্যা দিয়েছে।ইউএনআই কর্তৃপক্ষের অভিযোগ, এ সময় পুলিশের দলটি তাদের নারী কর্মীদেরও হেনস্তা করেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, পুলিশের সঙ্গে কর্মীদের বাকবিতণ্ডার ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি এবং এর মালিক প্রতিষ্ঠান স্টেটসম্যান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনআইয়ের জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর পুলিশ পর্যাপ্ত বাহিনী নিয়ে রফি মার্গের ওই কার্যালয় প্রাঙ্গণে সিলিং কার্যক্রম চালাতে উপস্থিত হয়।

ইউএনআইয়ের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ‘দ্য স্টেটসম্যান’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি পুলিশের এই পদক্ষেপকে ‘নজিরবিহীন নিষ্ঠুরতা ও ভারতে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ বলেছে।

ওই পোস্টে আরও বলা হয়, ‘কর্মীদের নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার বা কর্তৃপক্ষের কথা শোনার সময় পর্যন্ত দেওয়া হয়নি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বাইরে আটকে রেখে ভেতরে কর্মীদের মারধর করা হচ্ছে।’

ইউএনআই এক্স পোস্টে বলেছে, “দেশের অন্যতম প্রাচীন ও সম্মানিত সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)-এর কার্যালয় সিলগালার ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। কর্মীদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং অনেককে তাদের ব্যক্তিগত জিনিসপত্র নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

“নারী সাংবাদিকদের সঙ্গে দিল্লি পুলিশের সদস্যরা দুর্ব্যবহার করেছেন। দায়িত্ব পালনকালে কিছু পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন। দুজন আইনজীবী ও দিল্লি পুলিশের সদস্যরা কয়েকজনকে গালিগালাজ করেছেন।”

কিছু পুলিশ সদস্যের মদ্যপ থাকা কিংবা নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল এবং কোনও অনিয়ম হয়নি। কারণ, পুরো প্রক্রিয়ার ভিডিও ধারণ করা হয়েছে।

সিপিআইয়ের সংসদ সদস্য সন্তোষ কুমার এক বিবৃতিতে বলেন, “দিল্লি পুলিশের মাধ্যমে ইউএনআই‘য়ের রাফি মার্গ কার্যালয় জোর করে দখল করা ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক গুরুতর ও নজিরবিহীন আঘাত… পুরো অভিযানটি আইন, মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে পরিচালিত হয়েছে।

“নিজেদের বার্তাকক্ষে সাংবাদিকদের মারধরের দৃশ্য আজকের ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে, তার এক শীতল স্মারক।”

এদিকে এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশের একজন নারী সদস্য এক নারী সাংবাদিককে হেনস্তা করছেন। ফুটেজে দেখা যায়, ধাক্কা খেয়ে ওই সাংবাদিক ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। সূত্র: দ্য হিন্দু, টেলিগ্রাফ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here