মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধ পরিস্থিতিতে সামরিক উপস্থিতি জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই তাদের পাঠানো হচ্ছে।
এই মোতায়েনের মাধ্যমে ভবিষ্যৎ সামরিক অভিযানের সক্ষমতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। তবে ইরানে সরাসরি স্থল সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্রগুলো বলছে, অতিরিক্ত এই সেনাদের নির্দিষ্ট ভূমিকা এখনো স্পষ্ট নয়। তবে তারা যুদ্ধজাহাজ থেকে আক্রমণ চালানো বা প্রয়োজনে স্থলভাগে নামার মতো কাজ করতে সক্ষম।
বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। নতুন এই বাহিনী যুক্ত হলে মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুটি।
এদিকে, খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে সেনা পাঠানোর বিষয়টিও যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। তবে হোয়াইট হাউস বা পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না। তবে প্রয়োজন হলে কী করা হবে, তা আগেভাগে জানানো হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

