গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইড় মাছ। মাছটি এক নজর দেখতে এবং টাটকা মাছের স্বাদ নিতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে মোস্তাফা নামে এক জেলের জালে এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে গেলে সেখানেও ভিড় জমে যায়।
মাছ ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকা দিয়ে কিনে নেন। পরে তিনি মাছটি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন।
বিশালাকৃতির এই মাছটির অংশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। মাছ কিনতে আসা আব্দুল আজিজ নামে এক ক্রেতা জানান বলেন, এতোবড় মাছ এককভাবে কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা ও বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি। আমার মতো অনেকেই এভাবে কেজি দরে ভাগ করে মাছ কিনেছেন।
জেলেদের মুখে হাসি ফুটিয়েছে এই বাঘাইড় মাছ। ব্রহ্মপুত্রে সচরাচর এতো বড় মাছ ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা বেশ আশাবাদী।

