বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবো: ইরানের ফুটবল প্রধান

0
বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবো: ইরানের ফুটবল প্রধান

আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ সাফ জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করবো, বিশ্বকাপকে নয়।’

গতকাল বুধবার ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে এ কথা বলেন তিনি।

তাজ বলেন, ‘জাতীয় দল তুরস্কে ক্যাম্প করছে, সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দিকেই বিশ্বকাপের টিকিট কাটা দলগুলোর একটি ইরান। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ইরানের খেলার কথা যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জেলসে, একটি সিয়াটলে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। তবে ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে এই ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য।

এদিকে ইরানের বিশ্বকাপের প্রস্তুতিও থেমে নেই। তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে ইরান দল। সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা। ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে আন্তালিয়ায়, চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রতিযোগিতাটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here